কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অলওয়েদার সড়ক নিয়ে বিতর্ক নতুন নয়। এ সড়ক সেখানকার হাওর ও কৃষির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে আলোচনা রয়েছে। এর মধ্যে উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নে ধলেশ্বরী নদীর পাড় ঘেঁষে নির্মিত ‘অলওয়েদার সড়ক’ নদীগর্ভে বিলীন হওয়ার পথে। দেখা যাচ্ছে, যে সড়ক হাওর অঞ্চলের মানুষের যাতায়াতে এক বৈপ্লবিক পরিবর্তনের আশা জাগিয়েছিল, সেই ৪৪ কোটি টাকার প্রকল্প এখন কেবল অপরিকল্পিত উন্নয়নের একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, গত এক সপ্তাহে অন্তত এক কিলোমিটার সড়ক ধলেশ্বরীর গর্ভে চলে গেছে। এতে বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুটি গ্রাম। অনেক কৃষকের শত শত একর ফসলি জমি নদী কেড়ে নিয়েছে, নিঃস্ব হয়ে গ্রাম ছেড়েছেন অনেক বাসিন্দা।
এ ভয়াবহ পরিস্থিতিতেও জনগণের সেবা ও অবকাঠামো রক্ষার দায়িত্বে থাকা দুই কর্তৃপক্ষ পরস্পরকে দোষারোপ করে সময়ক্ষেপণ করছে। পাউবোর দাবি, এলজিইডি সড়ক নির্মাণের আগে প্রতিরক্ষা দেয়াল নির্মাণের পরামর্শ নেয়নি। অন্যদিকে এলজিইডি বলছে, ভাঙনের বিষয়টি কয়েক বছর ধরে চললেও পাউবো কোনো ব্যবস্থা নেয়নি।































































































































































































































