দেড় বছর আগে বিয়ে হয় জান্নাতুল ফেরদৌসের (২০)। স্বামী আবদুল্লাহ মো. রাসেল চট্টগ্রাম নগরের একটি নাশতার দোকানের কারিগর। সীমিত আয় দিয়ে সুখেই দিন কাটছিল রাসেল-সাদিয়া দম্পতির।
চার মাস আগে তাঁদের ঘরে জম্ম নেয় এক ছেলেশিশু। ঘরজুড়ে আনন্দ ছড়িয়ে পড়ে। বাবার সঙ্গে মিল রেখে ছেলের নাম রাখা হয় আবদুল্লাহ আল সাফওয়ান। সময়ের সঙ্গে সঙ্গে হাসতে শেখে সাফওয়ান। তার হাসির মূহূর্তগুলো নিজের স্মার্টফোনে ভিডিও করে রাখতেন জান্নাতুল ফেরদৌস।
সেই ভিডিওগুলোতেই আদরের ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়ছেন জান্নাতুল ফেরদৌস। এসব ভিডিও এখন শুধুই স্মৃতি। স্মার্টফোনে সাফওয়ানের ভিডিও অ্যালবাম আর বড় হবে না। হামের উপসর্গ নিয়ে ২২ দিনের লড়াই শেষে গত বৃহস্পতিবার মৃত্যু হয় সাফওয়ানের।































































































































































































































