শিশুরা ঠিকমতো টিকা না পাওয়ায় দেশে আবার হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে এই রোগে সাড়ে তিনশ র বেশি শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরিভাবে দেশব্যাপী হামের টিকা দিচ্ছে সরকার। এরপরও শিশুদের সুরক্ষায় টিকা দিতে অনীহা জানাচ্ছেন কিছু অভিভাবক। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ। সন্তানের জীবন বাঁচাতে টিকা দেওয়াটা জরুরি—এই বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সচেতনতা সৃষ্টির প্রচার চালানোর পরামর্শ দিয়েছেন তিনি।
সন্তানকে টিকা দিতে অনিচ্ছুক কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, মোবাইলে বিভিন্ন ভিডিও দেখে, আশপাশের মানুষের কথা শুনে এবং টিকা নিয়ে ছড়িয়ে পড়া ভুল তথ্যে প্রভাবিত হয়ে তাঁরা সন্তানদের টিকা দিচ্ছেন না।
গাজী বস্তিতে প্রায় এক শ পরিবার বসবাস করে। এই বস্তি ঘুরে ১ মাস থেকে ৫ বছর বয়সী ১০টি শিশুর অভিভাবকের সঙ্গে কথা বলেছে প্রথম আলো।































































































































































































































