নাটোরের বাগাতিপাড়া উপজেলার এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী নারীর স্বামী বাগাতিপাড়া থানায় গতকাল সোমবার রাতে মামলাটি করেন। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঘটনার সময় ভুক্তভোগী নারী বাড়ির পাশের আমবাগানে জ্বালানির লাকড়ি সংগ্রহ করছিলেন। তাঁকে ভুট্টাখেতের ভেতরে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ করা হয়েছে।
মামলায় আসামি করা হয়েছে বাগাতিপাড়া উপজেলার মো. আসলাম আলী (৫০) ও ষষ্ঠী কুমারকে (৪২)। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ গত রোববার সকালে বাড়ির পাশের আমবাগানে পড়ে থাকা শুকনা ডালপালা সংগ্রহ করছিলেন। এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুই ব্যক্তি মুখ চেপে ধরে তাঁকে পাশের ভুট্টাখেতের ভেতরে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করে তাঁরা পালিয়ে যান।
বেশ কিছু সময় অসুস্থ হয়ে পড়ে থাকার পর ভুক্তভোগী নারী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। পরিবারের লোকজন দ্রুত তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় গতকাল তাঁর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন। তবে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত মামলার কোনো আসামি গ্রেপ্তার হননি।































































































































































































































