ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল নিয়ে বাগবিতণ্ডার জেরে রবিউল ইসলাম (৩৬) নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর লাশ বস্তাবন্দী করে প্রাইভেট কারে গুম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে গেলে ঘটনা জানাজানি হয়। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে দুজনকে আটক করে পুলিশে দেন।
পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, বোয়ালমারীর হাটখোলারচর গ্রামের শহিদুল শেখের সঙ্গে দুই বছর আগে মহম্মদপুর উপজেলার সিন্ধাইন গ্রামের সাহিদুল ইসলামের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি শহিদুল তাঁর শ্যালকের একটি মোটরসাইকেল নিয়ে বন্ধক রাখেন, যা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তিরা একটি ভাড়া করা প্রাইভেট কারে লাশ তুলে সেটিকে গুম করার চেষ্টা করছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে তাঁরা সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।































































































































































































































