রাজশাহীর বাঘার পদ্মা নদীর চরে গুলির ঘটনা ঘটেছে। ডাকাতেরা গুলিবিদ্ধ এক ব্যক্তিকে নৌকায় করে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় অপহৃত ব্যক্তির বাবা বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা করেছেন। ঘটনার ২০ ঘণ্টা পরও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ ব্যক্তির নাম স্বপন ব্যাপারী (৪০)। তাঁর বাবার নাম সিদ্দিক ব্যাপারী। বাড়ি বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালি গ্রামে। পুলিশ ঘটনার স্থল থেকে নিখোঁজ স্বপন ব্যাপারীর স্যান্ডেল ও ঘটনাস্থলের রক্তমাখা মাটি জব্দ করেছে।
এ ঘটনায় সিদ্দিক ব্যাপারী বাদী হয়ে মঙ্গলবার বিকেলে বাঘা থানায় একটি মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।
সারা দিন পদ্মার চরে অভিযান চালিয়েও স্বপনের সন্ধান পায়নি। বাঘা থানার পরিদর্শক তদন্ত প্রভাত মণ্ডল মঙ্গলবার রাত আটটার দিকে জানিয়েছেন, ঘটনার সময় থেকে প্রায় ২০ ঘণ্টা হতে চলল। নিখোঁজ স্বপন ব্যাপারীর কোনো খোঁজ পাওয়া যায়নি।































































































































































































































