বাঘুটিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের মামলায় কারাদণ্ড

বাঘুটিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের মামলায় কারাদণ্ড

যশোরের অভয়নগর উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল আক্তারকে চাল আত্মসাতের মামলায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে। বাবুল আক্তার দরিদ্র নারীদের জন্য বরাদ্দ ভিজিডির চাল আত্মসাতের মামলায় এ আদেশ পান। আজ রোববার যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ আদেশ দেন।

বাবুল আক্তার অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম বলেন, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল আক্তারের বিরুদ্ধে চাল আত্মসাতের জন্য ১০ বছর ও ক্ষমতার অপব্যবহারের জন্য ৩ বছর, মোট ১৩ বছর সাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অর্থদণ্ড দেওয়া হয়েছে। ওই অর্থ প্রদানে ব্যর্থ হলে তাঁর সম্পত্তি থেকে ক্রোক করা হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।