বগুড়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় একজন তরুণের মৃত্যু

বগুড়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় একজন তরুণের মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে পিটুনিতে ফজলে রাব্বি (২৪) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনা ঘটে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের চণ্ডেশ্বর গ্রামে। নিহত ফজলে রাব্বি পার্শ্ববর্তী ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের বুলু মিয়ার ছেলে। তিনি পেশায় ইলেকট্রিকমিস্ত্রি ছিলেন।

স্থানীয় তিন কৃষক জানান, কৃষক রমজান আলীর বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় বিষয়টি টের পান গ্রামবাসী। পরে চণ্ডেশ্বর ও আকরামপুর গ্রামের লোকজন দুজনকে আটক করে মারধর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গণপিটুনিতে আহত ফজলে রাব্বিকে আজ বুধবার ভোর পাঁচটার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত অপরজন জাহাঙ্গীর হোসেন (৩০)। তাঁর বাড়িও ধুনট উপজেলার নাটাবাড়ি গ্রামে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।