শিক্ষার্থী পরিবহনব্যবস্থাকে আধুনিক, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে বড় সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক ও কর তুলে নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে কাস্টমস শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, অগ্রিম কর এবং অগ্রিম আয়করসহ সব ধরনের শুল্ক ও কর।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। এনবিআরের সম্প্রতি জারি করা আদেশ অনুযায়ী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে বৈদ্যুতিক বাস আমদানিতে এ সুবিধা কার্যকর হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান নিজে আমদানি করলেও কিংবা কোনো প্রতিষ্ঠান তাদের পক্ষে আমদানি করলেও এই কর অব্যাহতি–সুবিধা প্রযোজ্য হবে। শর্ত অনুযায়ী, এসব বাসের রং অবশ্যই হলুদ হতে হবে। পাশাপাশি বাসের গায়ে ‘স্কুল বাস, কলেজ বাস, শিক্ষার্থী বাস বা পরিবহন’ শব্দগুলো সহজে দৃশ্যমানভাবে স্পষ্ট করে লিখতে হবে।































































































































































































































