রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে সুমন মণ্ডল (৩৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তাঁর কোলে থাকা সাড়ে তিন বছরের মেয়ে ছিটকে পড়ে প্রাণে বেঁচে গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এ ঘটনা ঘটে।
সুমন মণ্ডল সদর উপজেলার মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে রাজবাড়ীর সাগর অ্যাগ্রো মিলে শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতে ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আকাশে মেঘের ঘনঘটা ছিল। সুমন তাঁর সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি মুদি দোকানের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ বজ্রপাত হলে শিশুটি কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজনেরা সুমনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।































































































































































































































