বান্দরবানের আলীকদম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গের রোগীর চাপ বাড়ছে। এখানে শুধু হামের উপসর্গ নিয়েই ভর্তি রয়েছে ৭০ শিশু। এর বাইরে অন্য রোগী তো রয়েছেই। সব মিলিয়ে চিকিৎসা নিচ্ছেন শতাধিক রোগী। তাঁদের কেউ মেঝেতে, আবার কেউ বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন।
হামের উপসর্গের রোগীর চাপ বাড়ায় হাসপাতালটিতে শয্যা, খাবার ও জনবলে সংকট দেখা দিয়েছে। চিকিৎসকেরা জানান, গতকাল সোমবার উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী অস্থায়ী ক্লিনিক থেকে ১৫ শিশুকে হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ৫৫ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল।
বান্দরবানের আলীকদমের দুর্গম ইউনিয়ন কুরুকপাতা। এটি ম্রো অধ্যুষিত। এক মাস ধরে এলাকাটিতে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ইউনিয়নে চার শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসা নিয়েছে অন্তত শতাধিক।































































































































































































































