বান্দরবানে হামের উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

বান্দরবানে হামের উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

বান্দরবানের আলীকদমে হামের উপসর্গজনিত ডায়রিয়া নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত গৃহবধূর নাম সংপ্রং ম্রো (১৮)। তিনি উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দওলাপাড়ার বাসিন্দা। কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বিষয়টি নিশ্চিত করেন।

সংপ্রং ম্রোর কয়েক দিন আগে বিয়ে হয়েছিল। প্রায় এক সপ্তাহ আগে তাঁর জ্বর ও হালকা কাশি শুরু হয়। কিন্তু দুর্গম এলাকায় সড়ক ও মুঠোফোন যোগাযোগ না থাকায় পাড়াবাসী তাঁকে হাসপাতালে নিয়ে আসেননি। গতকাল বৃহস্পতিবার রাত থেকে জ্বরের সঙ্গে ডায়রিয়া হওয়ায় দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাঁকে সকালে হাসপাতালে নিয়ে আসা হয়।

আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. হানিফ বলেন, জ্বর ও ডায়রিয়া আক্রান্ত সংপ্রং ম্রোকে মুমূর্ষু অবস্থায় সকালে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হামের উপসর্গজনিত ডায়রিয়া হওয়ায় পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতায় তাঁর মৃত্যু হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।