পোশাকশ্রমিকের কাজ করে গড়া বাগানে ঝুলছে ২০ জাতের আঙুর। মোকছেদুল ইসলাম মল্লিকবাড়ি গ্রামের এক তরুণ উদ্যোক্তা। তিনি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে প্রায় ৩ লাখ টাকা জমিয়ে বাণিজ্যিকভাবে আঙুর চাষ শুরু করেছেন। তাঁর বাগানে থোকায় থোকায় ঝুলছে অন্তত ২০ জাতের আঙুর।
মোকছেদুল ইসলামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি গ্রামে। সেখানে তাঁর বাগানের হরেক জাতের আঙুর দেখতে ভিড় করছেন আশপাশের বাসিন্দারা। মোকছেদুলের সাফল্যে অনেকে আঙুর চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।
মোকছেদুল ইসলাম বলেন, ‘বিদেশি জাতের আঙুরগুলোর চারা সংগ্রহের পর নিজে চারা তৈরির কৌশল শিখে চারা উৎপাদন করে সেই চারা দিয়ে বাগান করেছি। ইন্দোনেশিয়ান একজন বাগানিকে ফলো করে আমি চারা উৎপাদন প্রযুক্তি সম্পর্কে শিখেছি। ভিডিও দেখে দেখে নিজে চেষ্টা করে সফল হয়েছি। আশা করছি, আঙুর নিয়ে বাণিজ্যিকভাবে এগিয়ে যাওয়া সম্ভব।’































































































































































































































