লালমনিরহাটের পাটগ্রামের কলসির মুখ সীমান্ত দিয়ে ভারতীয় চোরাকারবারির একটি দল বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের লক্ষ্য করে দুটি ফাঁকা গুলি ছুড়েছে বাংলাদেশ সীমান্ত রক্ষী (বিজিবি) বাহিনীর টহল দল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কলসির মুখের পশ্চিম গিয়ার পাড়ায় সীমান্তের মেইন পিলার-৮০৬ এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার ৫১ বিজিবি সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ভারতীয় চোরাকারবারিরা বিজিবির টহল দলের নিকটবর্তী হলে তাদের ‘চ্যালেঞ্জ’ করলে তারা কোনো প্রকার কর্ণপাত না করে আরও এগিয়ে আসতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং চোরাকারবারিদের সতর্ক করার লক্ষ্যে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়।
এর ফলে চোরাকারবারিরা দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।































































































































































































































