ঢাকায় কোরবানির হাটে এক বিশাল গরুর দাম ২২ লাখ টাকা। গরুটির নাম রাখা হয়েছে 'কালা মানিক'। এর মালিক সোহাগ মৃধা। তাঁরা পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে গতকাল দুপুর ১২টার দিকে হাটে এসেছেন। গরুটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট, উচ্চতা ৬ ফুট। ওজন প্রায় ৪৫ মণ বা ১ হাজার ৮০০ কেজি। গরুর সঙ্গে থাকা খাসিটি আলাদাভাবে বিক্রি করা হবে না জানিয়ে মজিবর জমাদ্দার বলেন, যে ব্যক্তি কালা মানিক কিনবেন, তাঁকে উপহার হিসেবে খাসিটি দেওয়া হবে। খাসিটির ওজন প্রায় ৫০ কেজি।
গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে রাজধানী ঢাকায় কোরবানির পশুর হাট শুরু হয়েছে। এ বছর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলিয়ে ২১টি অস্থায়ী পশুর হাটের ইজারা প্রক্রিয়া চূড়ান্ত হলেও বসেছে ২০টি হাট। দুই সিটি এলাকায় ১০টি করে অস্থায়ী হাট পরিচালিত হচ্ছে।
অস্থায়ী হাটের পাশাপাশি রাজধানীতে রয়েছে দুটি স্থায়ী পশুর হাট। এর মধ্যে ঢাকা উত্তর সিটির গাবতলী ও ঢাকা দক্ষিণ সিটির সারুলিয়া পশুর হাটেও জমে উঠেছে কেনাবেচা।































































































































































































































