ভাঙ্গায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর) প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৯: ২৪ মায়ের ডাক শোনার পরও তার সঙ্গে দেখা না করেই মোটরসাইকেল নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে ছিল শিক্ষার্থী হামিম সরদার। পথিমধ্যে তার মোটরসাইকেলের সঙ্গে দুটো অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সরকারি কেএম কলেজ শাখা ছাত্রদল নেতা হামিম সরদার।
সন্তান হারানোর বেদনায় শোকে পাথর হয়ে নীরবে কান্না করছিলেন হামিমের মা। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সাউতিকান্দা রেললাইন আন্ডারপাস এলাকায়।
হামিম ভাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব হাসামদিয়া গ্রামের হাসান সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে হামিম মালিগ্রাম বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাউতিকান্দা ফিডার সড়কের প্রবেশ মুখে পৌঁছালে বিপরীতমুখী দুটি ব্যাটারিচালিত অটোর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন উদ্ধার করে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।































































































































































































































