প্রকাশ : ২২ মে ২০২৬, ১৬: ১৩আপডেট : ২২ মে ২০২৬, ১৬: ১৯ রাজধানীতে বিচ্ছিন্নভাবে শুক্রবার কাল ৬ টা থেকে বিকাল ৩ টার মধ্যে বিভিন্ন এলাকায় ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। এতে চলমান ভ্যাপসা গরমে কমেনি; বরং বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে গরম আরো তীব্র হয়েছে। বিকাল সাড়ে তিনটার দিকে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, বাতাসে জলীয় বাষ্প বাড়তির দিকে থাকায় সহসাই ভ্যাপসা গরম কমার সম্ভাবনা নেই। তবে চলতি মাসের শেষের তাপমাত্রা কিছুটা কমতে পারে; ওই সময় গরম কিছুটা কম অনুভুত হলেও তা অব্যাহত থাকবে।
আজ বিকাল ৩ টা পর্যন্ত ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে ; রাতে আরও বৃষ্টি হতে পারে। এছাড়া আজ রংপুর ময়মনসিংহ রাজশাহী, সিলেট ও বরিশাল অঞ্চলে বৃষ্টি হয়েছে। সংস্থাটি বলছে, মে মাসের শেষ সপ্তাহে বর্ষা মৌসুমের আগাম প্রভাব এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে জুনের প্রথম সপ্তাহ নাগাদ দেশজুড়ে ভ্যাপসা গরমের প্রভাব থাকবে।
আজ আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, আবহাওয়ার পরিস্থিতির যে সিমটম লক্ষ্য করা যাচ্ছে তাতে ২৮ মে থেকে উত্তর-পূর্বাঞ্চলে রংপুর ময়মনসিংহ সিলেট এবং রাজশাহী বিভাগের আংশিক এলাকায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এসময় রাজধানীসহ দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে; সম্ভাবনা খুবই ক্ষীণ।































































































































































































































