ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি শিকদার সাইদুর রহমান মিঠু দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। দলীয় কোন্দলের সূত্রতায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকায় এঘটনা ঘটে। স্বজনেরা জানিয়েছেন, পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় মিঠুকে আঘাত করা হয়েছে বলে হাসপাতালে উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান।
তার ছোট ভাই রাজু শিকদার জানিয়েছেন, বুধবার ভাঙ্গা থানা পুলিশ দক্ষিণ পাড়ের বাসস্ট্যান্ড থেকে সোয়েব ও শিহাব দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসেন। অফিসার ইনচার্জ মো. মিজানুর তাদের জিজ্ঞাসাবাদ শেষে সাবধান ও সতর্ক করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব মোল্লার উপস্থিতিতে স্বজনদের কাছে মুচালিকা রেখে তাদের ছেড়ে দেয়।
তাৎক্ষণিকভাবে রাতেই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই যুবকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরের দিন এ ঘটনাটি মিডিয়ায় প্রকাশিত কপি ও ভিডিও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিঠু শিকদার ফেসবুকে পোস্ট ও শেয়ার করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন শিহাব-সোয়েব ও তাদের লোকজন।































































































































































































































