বরগুনায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীরা বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা হলো—হাবিবা, জান্নাতি, ইয়াসমিন, মিম, ঐশী, রিয়া মনি, মনিরা, রুমি ও কারিমা। তারা সবাই ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্কুল সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই ক্লাস চলাকালে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বিদ্যালয়ের সামনে থাকা একটি তালগাছে বজ্রপাত হলে বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। বিশেষ করে তৃতীয় তলায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা বেশি ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে।
বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. মাহফুজুর রহমান বলেন, “শিক্ষার্থীরা মূলত বজ্রপাতের শব্দে ভয় পেয়ে অসুস্থ হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা গুরুতর নয়। প্রয়োজন অনুযায়ী পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হচ্ছে।”































































































































































































































