বাংলাদেশে গরু ব্যবসার দ্বন্দ্বে ছাত্রদল নেতার মৃত্যু

বাংলাদেশে গরু ব্যবসার দ্বন্দ্বে ছাত্রদল নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত শাহরিয়ার আহমেদ (২৩) নামের এক ছাত্রদল নেতা আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ফটিকছড়ির হেয়াকো বনানী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। গত শনিবার রাতে গরু ব্যবসার দ্বন্দ্ব থেকে স্থানীয় বিএনপির আরেকটি পক্ষ উপজেলার ভবানী এলাকায় তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে। ওই সময় তাঁর সঙ্গে থাকা যুবদল কর্মী মো. সবুজের ওপরও হামলা হয়। তাঁর হাতের রগ কেটে দেওয়ার পাশাপাশি চারটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যার এ ঘটনায় স্থানীয় বিএনপির একটি পক্ষ জড়িত। নিহত শাহরিয়ারের বাবা আবদুল আলীমও বিএনপির রাজনীতিতে সক্রিয়। মূলত তাঁর সঙ্গে বিরোধের জের ধরেই তাঁর ছেলের ওপর হামলা হয়েছে।

শাহরিয়ারের বাবা আবদুল আলীম প্রথম আলোকে বলেন, ‘বদ্ধ ভবানী এলাকার সিরাজুল ইসলাম সীমান্ত পথে ভারত থেকে গরু পাচারের সঙ্গে জড়িত। বাধা দেওয়ায় এ নিয়ে তার সঙ্গে আমার বিরোধ হয়। আমি ও আমার ছেলেকে লক্ষ্যবস্তু করেছিল সিরাজুল। আমি এ ঘটনার বিচার চাই।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।