রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে পুরাতন টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল উৎপাদনের অভিযোগে 'ফুয়েল টেক রিনিউয়েবল এনার্জি' নামে একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ারজুম্মা এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে পুরাতন টায়ার পুড়িয়ে ও গলিয়ে ফার্নেস অয়েল উৎপাদন করে আসছিল প্রতিষ্ঠানটি। এর ফলে আশপাশের এলাকায় কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ ও বিষাক্ত বর্জ্য ছড়িয়ে পড়ে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল।
স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই তারা নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।































































































































































































































