বাংলাদেশে ডেটা ট্রানজিট ব্যবস্থায় বড় ধরনের নীতিগত পরিবর্তনের আভাসের মধ্য দিয়ে শেষ হলো ২১তম বিডিনগ সম্মেলন। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) আয়োজিত এ সম্মেলনে স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংককে নন–ফিল্টারড ডেটা–সুবিধা দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর নতুন বাস্তবতায় নেটওয়ার্ক অবকাঠামো এখন কেবল সংযোগের বিষয় নয়, এটি আলাদা একটি ডিজিটাল জগৎ তৈরি করছে।
সম্মেলনে আরও বক্তব্য দেন আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম ও বিডিনগের সাধারণ সম্পাদক বরকতুল আলম।































































































































































































































