নওগাঁয় চালের দাম কেজিতে এক থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে। মিলগেটে কাটারিভোগ চাল বিক্রি হচ্ছে ৭৩ থেকে ৭৫ টাকায়। জিরাশাইল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭১ টাকায় এবং স্বর্ণা জাতের চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৪৯ টাকায়। পাইকারিতে চালের দাম বাড়ায় স্থানীয় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে চলতি বোরো মৌসুমে উৎপাদিত নতুন চালের সরবরাহ কম। তা ছাড়া হাটবাজারে ধানের দাম বাড়ায় চালের দাম বেড়েছে। এদিকে ভরা মৌসুমে চালের দাম বাড়ার পেছনে সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন ভোক্তারা।
তাঁদের দাবি, বাজার নিয়ন্ত্রণে চালকলগুলোতে মজুতবিরোধী অভিযানের পাশাপাশি নিয়মিত নজরদারি বাড়াতে হবে।































































































































































































































