আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে বেঙ্গল পিস ফাউন্ডেশনের উদ্যোগে পদযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষার আহ্বান জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সঞ্জীব চৌধুরী চত্বরে উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়াও রমনা পার্ক থেকে মিরপুরের বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে।
এসব কর্মসূচি দিয়ে যাত্রা শুরু করল পরিবেশবাদী নতুন সংগঠন বেঙ্গল পিস ফাউন্ডেশনের। এসব কর্মসূচির সহ-আয়োজক ছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।
বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাসফিকুল হাসান বলেন, ‘আমরা সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি। কিছু অসহিষ্ণু মানুষের কারণে গোটা দেশের জীববৈচিত্র্য হুমকির মুখে। সেই দায়বদ্ধতা থেকে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ–সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে এসব কর্মসূচির আয়োজন করেছি।































































































































































































































