বাংলালিংক গ্রাহকদের বিনা মূল্যে ডেটা প্রদানের প্রস্তাব

বাংলালিংক গ্রাহকদের বিনা মূল্যে ডেটা প্রদানের প্রস্তাব

লোডশেডিং ও বিদ্যুৎ–সংকটের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সেবা প্রায়ই বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে বাংলালিংক গ্রাহকদের ১ জিবি ডেটা বিনা মূল্যে দিচ্ছে। এ উদ্যোগের লক্ষ্য, চলমান জ্বালানি সংকটের সময়ে ভোগান্তিতে থাকা গ্রাহকদের কিছুটা স্বস্তি দেওয়া।

বাংলালিংকের এ উদ্যোগের আওতায় যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, সেসব এলাকার নির্ধারিত গ্রাহকেরা ২৪ ঘণ্টা মেয়াদের ১ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন। অফারটি চালু হলে সংশ্লিষ্ট গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, ‘সংকটের সময়ে মানুষের পাশে থাকায় বিশ্বাস করে বাংলালিংক। দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংযোগে বিঘ্ন ঘটছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য কিছু করার এটিই উপযুক্ত সময়। আমাদের লক্ষ্য সবার জন্য সর্বোত্তম ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করা।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।