উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল) প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২১: ৪৫ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পানির সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে বাড়ির সবাইকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি আজাহারুল ইসলামের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভুক্তভোগী আজাহারুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে তেলিপাড়া এলাকার একটি ইটভাটার ৭-৮ জন শ্রমিক পাখি শিকারের অজুহাতে তার বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিল। বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হলেও তারা নিজেদের পাখি শিকারি হিসেবে পরিচয় দেয়।
তিনি আরও জানান, সোমবার রাতে পরিবারের সবাই খাওয়ার পর ঘুমিয়ে পড়েন। অস্বাভাবিক গভীর ঘুমের কারণে পরদিন সকালে দেরিতে ঘুম ভাঙে। পরে পানির ট্যাংকির ঢাকনা খোলা দেখতে পেয়ে ধারণা করা হচ্ছে, পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেওয়া হয়েছিল।































































































































































































































