রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের কলাবুনিয়া বাজারে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন আল্পনা চাকমা (৩৯)। পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটি বন্য শূকর দৌড়ে এসে তাঁকে মাটিতে ফেলে দেয়। এরপর পায়ে ও কোমরে কামড়ে দেয় তাঁকে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উজ্জাংছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
তাঁকে উদ্ধার করে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় দিবাগত রাত দুইটায় চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় কার্বারি প্রমিশ চাকমা প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যায় আল্পনা চাকমা কলাবুনিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাজার থেকে ফেরার পথে উজ্জাংছড়ি রাস্তার পাশে জঙ্গল থেকে হঠাৎ একটা বড় বন্য শূকর দৌড়ে এসে তাঁকে ধাক্কা দেয়। এরপর পায়ে ও কোমরে কামড়ে দেয়। আল্পনা চাকমার চিৎকারে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে শূকরটি জঙ্গলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।































































































































































































































