বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানি নির্বিচারে সেচের কাজে ব্যবহারের কারণে পানির স্তর নিচে নেমে গেছে। সেখান থেকে আর আগের জায়গায় আসছে না। এই অবস্থা হুট করে হয়নি। পানি উত্তোলনের ক্ষেত্রে সুশাসন বলতে আমরা যেটা বুঝে থাকি; তাতে একটা জবাবদিহি, একটা স্বচ্ছতা কিংবা দায়িত্ববোধ থাকে। সেটা এখানে অনুপস্থিত।
বরেন্দ্র অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ১১ হাজার ৪০০টি গভীর নলকূপ বসানোর নির্দেশনা ছিল। কিন্তু নির্দেশনা অমান্য করে অনেক বেশি গভীর নলকূপ বসানো হয়েছে। বাকি নলকূপগুলো কিন্তু ব্যক্তিমালিকানায় চলছে।
বরেন্দ্র অঞ্চলে পানিসংকট মোকাবিলায় দ্রুত ভূগর্ভস্থ পানির বিকল্প উৎসের সন্ধান করতে হবে। এ জন্য খাঁড়ি (পানিপ্রবাহের খাল) ও পুকুরগুলো খনন-পুনঃখনন করে বৃষ্টির পানি ধারণ করার ব্যবস্থা করতে হবে।































































































































































































































