পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র এক দিন। কিন্তু বরিশালসহ দক্ষিণাঞ্চলের গরুর বাজারগুলোতে এখনো জমেনি প্রত্যাশিত বেচাকেনা। হাটে লোকসমাগম থাকলেও বিক্রি তুলনামূলক কম হওয়ায় হতাশ খামারি ও ব্যবসায়ীরা। তবে তাঁদের আশা, শেষ দুই দিনে ক্রেতা বাড়ে এবং বিক্রিও বাড়ে।
বরিশালের বিভিন্ন গরুর হাট ঘুরে এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এবার গরুর দাম ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বেশি হাঁকা হচ্ছে। পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়েছে। ফলে সাধ্যের মধ্যে কোরবানির পশু কিনতে হিমশিম খাচ্ছেন অনেক ক্রেতা।
বরিশালের চরমোনাই মাদ্রাসা মাঠের গরুর বাজারটি দক্ষিনাঞ্চলের অন্যতম বড় পশুর হাট। নদী ও সড়ক পথে এখানে কোরবানির গরু-ছাগল আসে। বরিশাল সদর, হিজলা, মুলাদী ও মেহেন্দীগঞ্জ উপজেলার চরাঞ্চল থেকে ট্রলারে করে গরু নিয়ে আসেন পাইকাররা। কোরবানি সামনে রেখে সকাল থেকেই হাটে ভিড় বাড়ে।































































































































































































































