বরিশালে হামের উদ্বেগ বাড়ছে

বরিশালে হামের উদ্বেগ বাড়ছে

বরিশালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তাদের মৃত্যু হয়েছে। মৃত শিশুদের একজন চার মাস বয়সী হুজাইফার বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায়। অপরজন ১৩ মাস বয়সী আবদুল্লাহ বরগুনার তালতলী উপজেলার বাসিন্দা। তারা উভয়েই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ নিয়ে বরিশাল বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে, যাদের সবাই শিশু। হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মুনয়েম সাদ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ১৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ৩১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২২ জন রোগী চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে বিভাগজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।