বরিশালে মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

বরিশালে মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

বরিশাল নগরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে নগরের পলাশপুর তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ মাদক বিক্রেতা চক্রের দুই সদস্যকে আটক করেছে। নিহত বাবু সিকদার (৩০) নগরের পলাশপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় মৎস্য ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় শহিদ ও সিয়াম নামের দুই যুবককে আটক করা হয়েছে। তাঁরা পলাশপুর এলাকার বাসিন্দা।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) হৃষিদ মণ্ডল বলেন, আটক দুজন মাদক বিক্রেতা গ্যাংয়ের সদস্য। নিহত ব্যক্তিও মাদক ব্যবসায়ে জড়িত ছিলেন।

বরিশাল নগরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, পলাশপুর বস্তি এলাকায় মাদক বিক্রেতাদের বড় চক্র রয়েছে। এই চক্রের সদস্যদের মাদক বিক্রির পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব হয়। ওই দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন বাবুকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। দুজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।