মেহেরপুরে চলন্ত বাসের চালক ও সহকারীকে মারধরের প্রতিবাদে মেহেরপুর–চুয়াডাঙ্গা সড়কে আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল রোববার সদর উপজেলার আমঝুপি বাজারে এ হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে ও বিচারের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
শ্রমিক ইউনিয়ন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মেহেরপুর পৌর টার্মিনাল থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে গোল্ডেন ট্রাভেলস পরিবহনের যাত্রীবাহী একটি বাস ছেড়ে যায়। টার্মিনাল থেকে বের হওয়ার সময় একটি পণ্যবাহী ট্রাককে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের আরোহীদের সঙ্গে বাসটির চালক ও তাঁর সহকারীর বিরোধ বাধে।
মোটরসাইকেল আরোহীদের অভিযোগ, বাসটির চাপে তাঁরা সড়ক থেকে গর্তে পড়ার উপক্রম হয়েছিলেন। এ নিয়ে বাসের চালক ও সহকারীর সঙ্গে মোটরসাইকেল আরোহী রাকিব ও রাব্বির বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে চালক ও সহকারী ওই দুই আরোহীকে মারধর ও গালিগালাজ করেন। এর জেরে মোটরসাইকেল আরোহীরা স্থানীয় মানুষকে খবর দিলে তাঁরা আমঝুপি বাজারে বাসটি থামিয়ে চালক রানা মিয়া ও সহকারী রতন আলীকে এলোপাতাড়ি মারধর করেন।































































































































































































































