চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফোর সিজন এলাকায় মহাসড়কের পাশে একটি কুলিং কর্নারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চারজনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। একটি বাস মহাসড়কের পূর্ব পাশে একটি গাছে ধাক্কা খায় এবং অন্য বাসটি মহাসড়কের পশ্চিম পাশে একটি দোকানে ঢুকে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা মারছা পরিবহনের বাস মহাসড়কে চলাচল বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। কিন্তু ২০ মিনিট পর তাঁদের সরিয়ে দেয় লোহাগাড়া থানার পুলিশ।
দুর্ঘটনায় মারা যাওয়া যাত্রীর নাম রেহেনা বেগম। তিনি পটিয়া উপজেলার বদিউল আলমের স্ত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৃত্যু হয়েছে নাঈম জিহাদের। তাঁর বাড়ি ঝিনাইদহে। নিহত অপর দুজন হলেন মো. নাঈম ও মো. মনির।































































































































































































































