কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ১৪ বস্তা বা ৫২০ কেজি জিরা লুটের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোরে দেবীদ্বারের পানুয়ারপুল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হলে আজ শনিবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত দেবীদ্বারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ।
পরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে লুট হওয়া ওই ৫২০ কেজি জিরা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন দেবীদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মো. নাজমুল হাসান (২৮), মো. মাসুক ওরফে মনা (২৬) ও উপজেলার খলিলপুর গ্রামের মো. জুয়েল (৩০)।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে চারটার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারের পানুয়ারপুল বাসস্ট্যান্ড এলাকায় সিলেট থেকে নোয়াখালীগামী ‘লাল সবুজ’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গতি রোধ করে ১৪-১৫ জনের একটি সশস্ত্র চক্র।































































































































































































































