রাজধানীর জনপথ মোড় থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল পর্যন্ত মানুষের দীর্ঘ সারি। কারও হাতে ব্যাগ, কারও কাঁধে বস্তা, কেউ আবার ছোট শিশু কোলে দাঁড়িয়ে আছেন ঘণ্টার পর ঘণ্টা। ঈদের আগে বাড়ি ফিরতে চান সবাই। কিন্তু বাস পাওয়া যাচ্ছে না। যেসব বাস পাওয়া যাচ্ছে, সেগুলোর অনেকগুলোতেই গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না। কোথাও আবার যাত্রীভেদে নেওয়া হচ্ছে আলাদা ভাড়া।
সায়েদাবাদ ছাড়াও জনপথ মোড়সহ আশপাশের বিভিন্ন পয়েন্টে ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জনপথ মোড়ে খুলনাগামী বখতিয়ার পরিবহনের সামনে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন যাত্রী। তাঁদের একজন অভিযোগ করেন, একই বাসে কারও কাছ থেকে ৬০০ টাকা, আবার কারও কাছ থেকে ৭০০ টাকা নেওয়া হচ্ছে।
বাস টিকিট না পাওয়ায় বাড়ি ফেরার অপেক্ষায় মানুষের দীর্ঘ সারি দেখা যাচ্ছে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে। বাস পাওয়া যাচ্ছে না, যেসব বাস পাওয়া যাচ্ছে সেগুলোর অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।































































































































































































































