ময়মনসিংহের ত্রিশালে একটি আবাসিক বাসায় মজুত করা জ্বালানি তেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী মজুতকারী ব্যক্তিকে একটি ঘরে আটকে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মজুতকারী ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একটি জ্বালানি তেলের পাম্পের ব্যবস্থাপককে অর্থদণ্ড দেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকায় ছয়তলা একটি বাসার নিচতলার একটি কক্ষে সিঁড়ির নিচে জ্বালানি তেল মজুত করেছিলেন ওই বাসার ভাড়াটিয়া মো. উমর ফারুক (৫১)। তিনি একটি ফিলিং স্টেশনের কর্মচারী। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে জ্বালানি তেল থাকা একটি পাত্রে হঠাৎ আগুন ধরে যায়। স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নেভানো হয়।
বাসায় জ্বালানি তেল মজুত করে ভাড়াটিয়াদের অগ্নিঝুঁকিতে ফেলায় স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে উমর ফারুককে একটি কক্ষে আটকে রাখেন। পরে রাত ১১টার দিকে উপজেলা প্রশাসন খবর পেয়ে পুলিশ নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় মজুত করা পেট্রলের মাধ্যমে অগ্নিদুর্ঘটনার ঘটনার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া তল্লাশিতে বাড়ির সিঁড়ির ঘরে কনটেইনারে মজুত করা আরও ৭০ লিটার পেট্রল পাওয়া যায়।































































































































































































































