বেতন বন্ধের কারণে কর্মবিরতি শিক্ষক-চিকিৎসকদের

বেতন বন্ধের কারণে কর্মবিরতি শিক্ষক-চিকিৎসকদের

টানা ২২ মাস বেতন-ভাতা না পেয়ে কর্মবিরতিতে গেছেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩৭ জন শিক্ষক-চিকিৎসক। এ ঘটনায় দেশের একমাত্র সরকারি ইউনানি-আয়ুর্বেদিক মেডিকেল কলেজটিতে পাঠদান ও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।১০ মে থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে অবস্থিত হাসপাতালটিতে রোগী সেবা কমে গেছে। অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থীরাও।

শিক্ষক ও চিকিৎসকদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই থেকে তাঁরা কোনো বেতন-ভাতা পাননি। এরপরও তাঁরা এত দিন পাঠদান, চিকিৎসাসেবা ও প্রশাসনিক কাজ চালিয়ে গেছেন। দীর্ঘ অনিশ্চয়তা ও আর্থিক সংকটের কারণে শেষ পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং প্রকল্পভিত্তিক পদগুলো রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়েছেন শিক্ষক ও চিকিৎসকেরা। নাম প্রকাশ না করার শর্তে তাঁদের কয়েকজন বলেন, চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলেও বকেয়া বেতন দ্রুত পরিশোধ করে কর্তৃপক্ষ যেন সেই সিদ্ধান্ত জানায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।