নরসিংদীর সদর উপজেলায় সালিসে টাকার বিনিময়ে ধর্ষণের অভিযোগ মীমাংসার প্রস্তাব ওঠায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ১৭ বছরের এক কিশোরী। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সে এখন চিকিৎসাধীন। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে। ঘরের দরজা ভেঙে ঝুলন্ত কিশোরীকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। অভিযোগ, ওই কিশোরীকে বিয়ের কথা বলে তার স্বামীর বাড়ি থেকে এনে কয়েক দফা ধর্ষণের পর এখন বিয়ে করতে চাচ্ছেন না এক তরুণ।
ওই কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, এক মাস আগে পার্শ্ববর্তী শিবপুর উপজেলার এক টাইলস ফিটিংসের ঠিকাদারের সঙ্গে বিয়ে হয়েছিল তার। ১৫ দিন আগে বিয়ের কথা বলে নাইম (২৫) নামের এক তরুণ ওই কিশোরীকে স্বামীর বাড়ি থেকে তুলে আনেন।
কিশোরীর পরিবারের সদস্যদের ভাষ্য, এক বছর ধরে নাইমের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক। নাইমের কাছে তাকে বিয়ে দিতে রাজি ছিল না পরিবার। এক মাস আগে তাকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। তবে নাইম নিয়মিত যোগাযোগ রাখছিলেন মেয়েটির সঙ্গে। বিয়ের কথা বলে তাকে স্বামী-সংসার ছেড়ে চলে আসতে বলেন নাইম। ১০ মে এক বন্ধুর সহায়তায় স্বামীর বাড়ি থেকে মেয়েটিকে নিয়ে আসেন নাইম। এ ঘটনায় স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় মেয়েটির। এরপর বিয়ের প্রলোভনে কয়েক দফা তাকে ধর্ষণ করেন নাইম।































































































































































































































