বেলা তখন দেড়টা। লোডশেডিংয়ের কারণে ঘরে বিদ্যুৎ ছিল না। এই সুযোগে বৈদ্যুতিক মোটরের লাইন মেরামত করতে যায় কিশোর। তবে হঠাৎ বিদ্যুৎ চলে আসে। সঙ্গে সঙ্গেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করে থাকে। এটি দেখে তাকে বাঁচাতে যান মা। তবে তিনি ছেলেকে বাঁচাতে পারেননি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনিও ছিটকে পড়েন।
আজ বুধবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম ফয়সাল হোসেন (১৭)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও ওই গ্রামের মো. ইয়াছিন ব্যাপারীর ছেলে। এ ঘটনায় তার মা শেফালী আক্তার (৪৩) গুরুতর আহত হয়েছেন। তাঁকে নোয়াখালী জেলা শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত ফয়সালের মামা খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, চেষ্টা করেও ফয়সালের মা তাকে বাঁচাতে পারেনি। এ ঘটনায় মা শেফালী বেগমের চিৎকার শুনে প্রতিবেশীরাও ছুটে এসেছিলেন। তবে ততক্ষণে ফয়সাল অচেতন হয়ে পড়ে। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।































































































































































































































