বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক মো. মিজানুর রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান কপোরেশন এমপ্লয়িজ (সার্ভিস) রেগুলেশনস ১৯৭৯–এর অনুচ্ছেদ ৫৮–এ ক্ষমতাবলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার সকালে বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জিএম) মিজানুর রশীদকে নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি দেওয়া হয়। পরে বিকেল গড়াতেই সেই আদেশ রহস্যজনকভাবে বাতিল করা হয়েছে।
গতকাল এই ঘটনা ঘিরে প্রতিষ্ঠানটির ভেতরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিমান সূত্রে জানা গেছে, সোমবার সকালে প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) খন্দকার বাকী উদ্দিন আহম্মদের সই করা এক আদেশে মিজানুর রশীদকে পদোন্নতির কথা জানানো হয়।































































































































































































































