মাঠে মাঠে দুলছে সোনালি ধান। ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। কোথাও কোথাও ধান কাটা শুরু হয়ে গেছে। মাঠের গবেষণা প্লট থেকে বিভিন্ন জাতের ধানের ফলন দেখে নিজেদের পছন্দের জাত বাছাই করে এই ধান চাষ করেছেন গ্রামের কৃষকেরা। প্রযুক্তিনির্ভর আধুনিক চাষাবাদব্যবস্থায় এই ধান চাষ করা হয়েছে।
গ্রামটির নাম চকনজু। সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম। গ্রামে কৃষকের সংখ্যা প্রায় ৩০০। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ময়মনসিংহের স্যাটেলাইট স্টেশনের উদ্যোগে ২০২৩ সাল থেকে এ গ্রামকে ‘প্রযুক্তি গ্রাম’ হিসেবে গড়ে তোলার কাজ চলছে।
আজ কৃষক জমশেদ আলীর জমিতে ফসল কাটা ও মাঠ দিবসের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। পরে মীর্জা পার্কে মাঠ দিবস উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব। ময়মনসিংহের কৃষকদের বিশেষভাবে কৃষি কার্ড দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।































































































































































































































