বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি নৌকা ডুবে গেলে মাঝিসহ ১০ জন নিখোঁজ হয়েছিলেন। এখনো এক নারী নিখোঁজ আছেন। নিখোঁজ নারীর সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
স্থানীয় লোকজন ও প্রশাসনের সদস্যরা নিখোঁজ নারীর সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন। স্থানীয় সূত্র জানায়, সকালে বানিয়ারযান এলাকা থেকে নয়জন নারী জীবিকার সন্ধানে বৈশাখী চরে যান। বেলা সাড়ে ১১টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে তাঁরা নৌকায় করে নদীপথে তীরের উদ্দেশে রওনা দেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, মাঝনদীতে গিয়ে নৌকাটি হঠাৎ ভারসাম্য হারায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি উল্টে যায়। নদীর স্রোত ছিল তীব্র। যাঁরা সাঁতার জানতেন, তাঁরা প্রাণে বাঁচলেও একজন নদীতে তলিয়ে যান।































































































































































































































