দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি সারিয়ে দুই দিন পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত ১০টার দিকে ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। এর আগে বিকেল ৪টা থেকে বয়লারে ফায়ারিং কার্যক্রম শুরু করা হয়।
জানা যায়, বয়লারের টিউব ফেটে যাওয়ায় গত বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা থেকে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে মেরামত কাজ শেষ করে পুনরায় উৎপাদনে ফেরানো সম্ভব হয়।
তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটের ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং ৩ নম্বর ইউনিটের ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। তবে ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।































































































































































































































