বউভাতে নবদম্পতির জন্য অকটেন উপহার

বউভাতে নবদম্পতির জন্য অকটেন উপহার

চলমান জ্বালানিসংকটের প্রভাব দেশের বিভিন্ন অঞ্চলের মতো চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও স্পষ্ট। প্রতিদিনই পেট্রলপাম্পগুলোতে জ্বালানি তেল সংগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকদের। এমন বাস্তবতার মধ্যেই এক নবদম্পতির বউভাত অনুষ্ঠানে দেওয়া হলো ব্যতিক্রমী অথচ সময়োপযোগী উপহার—অকটেন।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর আগে গত মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর গ্রামের সুমন পাল এবং চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের পলি পাল বিবাহবন্ধনে আবদ্ধ হন। আজ শুক্রবার ছিল তাঁদের বউভাত অনুষ্ঠান।

বউভাতের অনুষ্ঠানে যখন অন্য অতিথিরা প্রচলিত উপহার—গৃহস্থালি সামগ্রী, পোশাক কিংবা শোপিস নিয়ে হাজির হন, তখন বরের ঘনিষ্ঠ বন্ধু রাজেশ ভৌমিক, দীপ্ত, নারায়ণ, রুপন ও রাজন একেবারেই ভিন্ন কিছু নিয়ে উপস্থিত হন। তাঁরা নবদম্পতির জন্য উপহার হিসেবে নিয়ে আসেন ৫ লিটার অকটেন, যা তিনটি প্লাস্টিক বোতলে ভরে সাজিয়ে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।