ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা চলছে। মেলায় দ্রুত ও সহজে বাড়ির খাজনা পরিশোধ করে সন্তোষ প্রকাশ করেন জেলা শহরের ভাদুঘরের বাসিন্দা আমিনুজ্জামান। তিনি বলেন, 'আগে বাবা বাড়ির খাজনা পরিশেষ করতেন। কিন্তু পারিবারিক ঝামেলার কারণে অনেক বছর ধরে বাড়ির খাজনা পরিশেষ করা হয়নি। আজ বাড়ির খাজনা পরিশেষ করতে উপজেলা ভূমি সেটেলমেন্ট কার্যালয়ে যাই। সেখান থেকে মেলায় পাঠানো হয়। এসে জানতে পারি ৩০ বছর ধরে বাড়ির খাজনা পরিশেষ করা হয়নি এবং সেটি জমে ৭ হাজার ৬৩৩ টাকা হয়েছে। মেলায় কর্মরত ব্যক্তিদের ব্যবহারে আমি সন্তুষ্ট। অনেক গ্রাহক আসছেন। এখানে দ্রুত সেবা মিলছে।
মেলায় ভূমিসংক্রান্ত বিভিন্ন ধরনের সেবা দিতে এক ছাদের নিচে ছয়টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে ভিটেবাড়ির খাজনা পরিশেষ, নামজারির আবেদন, ভূমিসেবাসংক্রান্ত নাগরিকের আইডি খোলা, যেখান থেকে ম্যাপের ও খতিয়ানের জন্য আবেদন করা যায় এবং মৌজা, দাগ খতিয়ান দিয়ে রেকর্ডসহ ভূমি যাচাই করা যায়। সার্ভে খতিয়ান সংগ্রহ ও বাৎসরিক বন্দোবস্ত ফি প্রদান ইত্যাদি বিষয়ে তাৎক্ষণিক দ্রুততম সময়ে মিলছে সেবা।
জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, 'ভূমিসেবা মেলার উদ্দেশ্য হলো কম খরচে হয়রানি ছাড়া ঘরে বসেই যেন মানুষ ভূমিসেবা পান। ভূমি কার্যালয়গুলোতেও মানুষ হয়রানি ছাড়াই সেবা পাবেন। হয়রানির শিকার হলে যে কেউ আমার কাছে অভিযোগ করতে পারবেন।'































































































































































































































