ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে বৃষ্টিতে

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে বৃষ্টিতে

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। পানিতে তলিয়ে যায় বিভিন্ন সড়ক। আজ সোমবার দুপুরে ৪০ মিনিটের বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তার কোথাও গোড়ালিসমান, কোথাও হাঁটু পর্যন্ত পানি জমে। এভাবে হঠাৎ সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন পথচারীসহ সাধারণ মানুষ। শহরের একাধিক বাসিন্দার ভাষ্য, বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা ও অপরিকল্পিতভাবে নালা নির্মাণের কারণে সামান্য বৃষ্টি হলে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। সড়ক থেকে পানি নামতেও দীর্ঘ সময় লেগে যায়। শহরের ১৫৭ কিলোমিটার নালার মধ্যে ৯০ কিলোমিটার নালার অবস্থাই ভালো না। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, শহরবাসীর যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে নালা ও জলাশয় ভরাট হয়ে জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

শহরের আকাশ কালো মেঘে ঢেকে গেলে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। প্রায় ৪০ মিনিট প্রবল বৃষ্টি হয়। এতে শহরের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা উপসহকারী প্রকৌশলী সুমন দত্ত বলেন, ১৫৭ কিলোমিটার নালার মধ্যে ৬৭ কিলোমিটারের অবস্থা ভালো। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে বাকি নালাগুলো ময়লায় ভরাট হয়ে গেছে। পরিচ্ছন্নতাকর্মীরও ঘাটতি রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।