রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এক হজযাত্রীর হাতব্যাগ থেকে সৌদি রিয়াল চুরির ঘটনার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। শনিবার ময়মনসিংহের ভালুকা থানার সিডস্টোর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই চুরির ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।
শনিবার গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল মান্নান (৪৯)। এর আগে গত বৃহস্পতিবার হাবিবুর রহমান (৬১) ও নাদিম সরকার (৫৩) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
হাবিবুরকে রাজধানীর খিলক্ষেত ও নাদিমকে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া ১৭ হাজার সৌদি রিয়াল ও নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।































































































































































































































