কক্সবাজারের চকরিয়া উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ কামাল উদ্দিন (৫৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তাঁকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বাড়ির সামনে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় ফুসলিয়ে তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন কামাল উদ্দিন। শিশুটির রক্তক্ষরণ হওয়ায় পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
চকরিয়া থানার পুলিশ জানায়, ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত কামাল উদ্দিন বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। পুলিশ অভিযান চালিয়ে চকরিয়া পৌরসভা এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে আটক করে।































































































































































































































