সারা দেশে ছড়িয়ে থাকা চলচ্চিত্র সংসদগুলোকে স্বাধীন ও গঠনমূলকভাবে কাজ করার সুযোগ দেওয়া গেলে দেশের চলচ্চিত্র ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এমনটাই মনে করেন ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬’-এ অংশগ্রহণকারী চলচ্চিত্র সংসদের প্রতিনিধিরা। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সারা দেশ থেকে আসা ১১০টি চলচ্চিত্র সংসদের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথির ভাষণে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য চলচ্চিত্র অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম। আমার জ্ঞান দিয়ে বুঝি, অনেক কিছুই করা যেত, কিন্তু করা হয়নি। এখানে বিত্তবান হওয়ার স্বপ্ন বাদ দিয়ে যাঁরা চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, রাষ্ট্রের উচিত তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকা। রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী পৃষ্ঠপোষকতাও দেওয়া উচিত; কিন্তু সেই বোধ এখনো পুরোপুরি তৈরি হয়নি।’
উদ্বোধনী পর্ব শেষে বেলা সাড়ে ১১টায় প্রদর্শিত হয় ‘বাড়ির নাম শাহানা’। একই সময়ে শুরু হয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা চলচ্চিত্র সংগঠকদের নিয়ে ‘আঞ্চলিক চলচ্চিত্র সংসদ: অভিজ্ঞতা বিনিময়’ শিরোনামে মতবিনিময় সভা।































































































































































































































