চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকাল থেকে একটি শ্রমিক সংগঠনের সদস্যরা কর্মবিরতি শুরু করায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচল করা বাস থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের চাঁদা তোলার প্রতিবাদে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি পালন করছেন।
দুটি সংগঠনই বাস থেকে চাঁদা আদায় করে। এ নিয়ে সংগঠন দুটির মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে।
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, তাঁরা বাসস্ট্যান্ড থেকে গাড়িপ্রতি ৩০ টাকা হারে সার্ভিস চার্জ নিয়ে আসছেন বহু বছর ধরে।































































































































































































































